বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছেলেখেলা করছে।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, রাষ্ট্রপ্রধান নির্বাহী আদেশে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পর আবার ভিন্ন কথা বলছেন। এতে প্রমাণ হয় তিনি ভয়ের মধ্যে আছেন এবং আগের অবস্থায় ফেরার চেষ্টা করছেন। এটি ক্ষমতায় থাকার জন্য চেয়ার আঁকড়ে রাখার এক ধরনের ছেলেখেলা বলেও মন্তব্য করেন তিনি।
নিলোফার চৌধুরী বলেন, দেশের ৪৬ শতাংশ মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে। সরকার কিংবা যারাই থাকুক, সমালোচনার মাধ্যমে মানুষকে দমন করার চেষ্টা চলছে, ফলে অনেকে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকার নিজস্ব স্বার্থে কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ, কখনো স্থগিত বলছে। প্রথমে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হলেও পরে বিদেশিদের সঙ্গে বৈঠকের চাপে ‘স্থগিত’ শব্দ ব্যবহার করা হয়। এখন আবার বলা হচ্ছে, যেকোনো সময় সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে।
তার ভাষায়, এটি সরকারের ভয়, দুর্বলতা কিংবা গোপন ইচ্ছার প্রকাশ। নিলোফার বলেন, “ওনারা একবার নিষিদ্ধ, একবার স্থগিত— এভাবে শব্দ নিয়ে খেলছেন। এতে স্পষ্ট যে সরকার বিভ্রান্ত এবং আতঙ্কিত।”
