নিজে রাজা হলে রাজতন্ত্রে বদল আনতে চান যুবরাজ উইলিয়াম। সম্প্রতি উইন্ডসর ক্যাসলে অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাজপ্রাসাদের সূত্র মতে, এযাবৎকালে এটিই তাঁর সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকার।
অ্যাপল টিভিপ্লাসের শো ‘দ্য রিলাকট্যান্ট ট্র্যাভেলার’–এর জন্য নেওয়া এই সাক্ষাৎকারে ভবিষ্যতে রাজা হলে নিজের পরিকল্পনা নিয়ে যুবরাজ বলেন, “আমার করণীয়র তালিকায় রয়েছে পরিবর্তন। ভালোর জন্য পরিবর্তন। আমি সেটাকে ভয় পাই না, বরং উদ্দীপ্ত হই। বাড়াবাড়ি নয়, তবে যা প্রয়োজন মনে করি, তেমন পরিবর্তন আনব।”
সাক্ষাৎকারের সময় ইলেকট্রিক স্কুটারে চেপে অতিথিকে প্রাসাদ ঘুরে দেখান যুবরাজ। তিনি জানান, প্রাসাদের ভেতরে ঘোরাঘুরির জন্য তিনি এ বাহন ব্যবহার করেন।
আলাপচারিতায় উইলিয়াম নিজের পারিবারিক ইতিহাস এবং রাজতন্ত্রের ঐতিহ্য নিয়েও কথা বলেন। তাঁর ভাষায়, “আপনি যদি সতর্ক না হন, ইতিহাস আপনার ওপর বোঝার মতো চেপে বসতে পারে। বর্তমানকালে বাঁচাটা জরুরি। ঐতিহ্যের গুরুত্ব আছে, তবে রাজতন্ত্রকে প্রাসঙ্গিক রাখতে সেটিকে প্রশ্ন করতেও দ্বিধা নেই।”
তিনি আরও বলেন, অনেক সময় ঐতিহ্যের দিকে তাকিয়ে ভাবতে হয়—এটা কি এখনকার জন্য উপযুক্ত? এটা মানলে কি আজকের সময়ে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব?
অভিনেতা ইউজিন লেভি বলেন, উইলিয়ামের এতটা খোলাখুলি কথাবার্তায় তিনি অবাক হয়েছেন। তাঁর কাছে এটি ছিল সাধারণ আলাপচারিতা, কোনো বিশেষ খবর নয়।
দিনশেষে যুবরাজ জানান, তিনি এমন এক পৃথিবী গড়তে চান, যা নিয়ে তাঁর ছেলে ভবিষ্যতে গর্ব করতে পারবে।
