
শারজায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে শুধু ম্যাচই নয়, পুরোনো হিসাবও চুকিয়ে নিল বাংলাদেশ। ২০১৮ সালে দেরাদুনে ধবলধোলাইয়ের স্বাদ দেওয়া আফগানদের এবার তাদের আরেক ‘ঘরের মাঠে’ উল্টো ধাক্কা দিল টাইগাররা।
আফগানিস্তান টস হেরে ব্যাট করতে নেমে ১৪৪ রানের লক্ষ্য দাঁড় করায়। শুরুতেই বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাটসম্যানরা আসা–যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন। দারবিশ রাসুলি ২৯ বলে ৩২ আর মুজিব ১৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তাতে বড় স্কোর গড়তে পারেনি আফগানরা। সাইফউদ্দিন নেন ৩ উইকেট, তানজিম হাসান ও নাসুম আহমেদ শিকার করেন ২টি করে।
রান তাড়ায় বাংলাদেশ শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়লেও সাইফ হাসান ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সহজ হয়ে যায়। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও সাইফ একাই দলকে জয় পর্যন্ত নিয়ে যান। ৭ ছক্কা ও ২ চারে ৩৮ বলে অপরাজিত ৬৪ রানে ম্যাচ শেষ করেন তিনি।
আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এবার আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল। এশিয়ায় আফগানিস্তান হলো চতুর্থ দল, যাদের ধবলধোলাই করল বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
এবার সিরিজ শেষ করে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডেতে, যার প্রথমটি বুধবার অনুষ্ঠিত হবে।