
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে আসা ব্যবসায়ী ইসফাক আহসানকে সরিয়ে দিয়েছে এনএসসি। সোমবার রাতে সিদ্ধান্ত বদল করে তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয়।
এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আগামীকাল সকালে আমরা নতুন পরিচালক মনোনয়ন দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে তাঁকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।”
ইসফাক আহসানকে বিসিবি পরিচালক হিসেবে মনোনীত করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। মনোনয়ন না পেয়ে ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জেল হোসেন চৌধুরীর (মায়া) কাছে পরাজিত হন।
এছাড়া যুবলীগের সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন—এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বিতর্ক আরও বাড়ায়।
কাজী নজরুল ইসলাম আরও বলেন, “আগে এতটা ডিটেইলস নিইনি। আমাদের খোঁজখবর নেওয়া উচিত ছিল।”
বিসিবির ২৩ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে আসেন। ক্যাটাগরি-১ এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্যাটাগরি-২ এ ঢাকা মহানগরের ক্লাব থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ এ বিভিন্ন সংস্থা ও সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে ১ জন নির্বাচিত হন। এছাড়া দুজনকে সরাসরি মনোনয়ন দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা এনএসসি।