
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “সবার আগে বাংলাদেশ। আমি আমার দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেব। দেশের স্বার্থ রক্ষা করেই যা যা করা সম্ভব, আমি তা-ই করব।”
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে দেওয়া তাঁর প্রথম সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির নীতি কী হবে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। ফেলানীর মতো আরেকটি ঘটনা যেন না ঘটে, সেটিও আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “আমার দেশের ন্যায্য হিস্যা, মানুষের প্রাপ্য অধিকার আমি চাই। সীমান্তে হত্যাকাণ্ড বা জনগণের ওপর আঘাত আমরা মেনে নেব না।”
এর আগে গতকাল সোমবার প্রকাশিত প্রথম পর্বে তিনি এক-এগারো সরকারকে “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়েছিলেন।
সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল হয়ে পড়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “যদি ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেটি তাদের সিদ্ধান্ত। আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”