
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মিসরে শান্তি আলোচনা চলমান থাকলেও ইসরাইল তাদের হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) গাজাজুড়ে চালানো ড্রোন ও বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা। এতে করে গত দুই বছরের যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০০ জনেরও বেশি।
ইসরাইলি বাহিনী গাজা সিটির সাবরা, তাল আল-হাওয়া ও শাতি ক্যাম্পের রাস্তায় তীব্র হামলা চালায়। আল জাজিরা জানায়, পূর্ব গাজায় এক কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং দক্ষিণে খান ইউনিসে পৃথক হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন।
এর আগে গত শুক্রবার মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বানের পরও শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত ১০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
মধ্য গাজার আজ-জুয়েদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানান, “অব্যাহত বোমা হামলার মধ্যেও ফিলিস্তিনিরা শান্তি চুক্তির আশায় রয়েছে। অথচ একের পর এক আবাসিক এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে।”
যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি (ACLED) জানিয়েছে, গত দুই বছরে গাজায় অন্তত ৬ হাজার ২৫০টি গোলাবর্ষণ এবং ১১ হাজার ১১০টিরও বেশি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্বব্যাপী সংঘাতজনিত মৃত্যুর প্রায় ১৪ শতাংশই ঘটেছে গাজায়।