
রাজধানীর আগারগাঁও এখন নতুন নাম পেয়েছে—‘কেকপট্টি’। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো মেট্রোরেলের ‘কেকপট্টি স্টেশন’-এর ছবিও ঘুরে বেড়াচ্ছে।
এর পেছনে রয়েছে রোজ বিকেলে নির্বাচন ভবনের সামনে বসা কেকের জমজমাট আসর। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ উদ্যোক্তারা ঘরে বানানো কেক নিয়ে আসছেন। ফলে রীতিমতো মেলায় পরিণত হয়েছে এই সড়ক।
মখমলের মতো নরম ভ্যানিলা কেক থেকে শুরু করে চকলেট, ব্লুবেরি, এমনকি রসমালাই ফ্লেভারের কেকও মিলছে এখানে। গাড়ির বনেট, টেবিল কিংবা ভ্রাম্যমাণ দোকান সাজিয়ে বিক্রি হচ্ছে কেক। প্রতিটি কেকের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে।
ভাইরাল কেক বিক্রেতাদের মধ্যে অন্যতম ‘ভাইরাল জাকির’ ও ‘সিমি আপা’। তাঁদের দোকানে এমন ভিড় হচ্ছে যে টোকেন দিয়ে ক্রেতার সারি সামলাতে হচ্ছে।
বিক্রেতারা জানান, হঠাৎ ফেসবুক ও ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ায় এ ভিড় বেড়েছে। আগে যেখানে ৩০-৪০টি খাবারের দোকান ছিল, এখন সেখানে প্রায় ১০০ কেক বিক্রেতা বসছেন প্রতিদিন।
তবে জায়গা নিয়ে প্রায়ই ঝামেলা হচ্ছে। কে কোথায় বসবেন তা নিয়ে প্রতিযোগিতা চলছে প্রতিদিনই। ক্রেতারা অবশ্য এসব ঝামেলায় পাত্তা দিচ্ছেন না। তাঁদের মতে, ফেসবুকেই ভাইরাল হয়ে আগারগাঁও এখন কেকের রাজ্যে পরিণত হয়েছে।
স্থানীয়রা বলছেন, আগারগাঁওয়ের এই কেকমেলা হয়তো স্থায়ী হবে না। তবে এখনকার জনপ্রিয়তা দেখে অনেকে রসিকতা করে নাম দিয়েছেন—“কেকপট্টি”।