
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার অপেক্ষা শেষ হচ্ছে আজ শুক্রবার। নরওয়ের নোবেল কমিটি স্থানীয় সময় বেলা ১১টায় (০৯০০ জিএমটি) বিজয়ীর নাম ঘোষণা করবে। তবে এ বছরের একটি বিষয় প্রায় নিশ্চিত—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পুরস্কার পাচ্ছেন না, যদিও তিনি নিজেকে এ পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প আটটি সংঘাত সমাধান করেছেন বলে দাবি করলেও তাঁর কর্মকাণ্ড শান্তি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুইডেনের অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন বলেন, “না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। হয়তো ভবিষ্যতে পরিস্থিতি বদলালে ভিন্ন হতে পারে।”
অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগারও মনে করেন, ট্রাম্পের নীতি নোবেল শান্তি পুরস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী। আন্তর্জাতিক সহযোগিতা, জাতির ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণকে উৎসাহিত করার বদলে তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নিয়েছেন, বহুপক্ষীয় চুক্তি ভেঙেছেন, বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন এবং বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও সংগঠন মনোনয়ন পেয়েছে। তালিকা গোপন রাখা হলেও আলোচনায় রয়েছে—
সুদানের যুদ্ধক্ষেত্রে সহায়তা করা স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স রুমস
রুশ নেতা অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া
আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ওডিআইএইচআর
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর ও ইউএনআরডব্লিউএ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস ও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
গত বছর এই পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহোন হিদানকিও।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রায়ই দেখা যায় অপ্রত্যাশিত বিজয়ী বেছে নেওয়ার প্রবণতা। তাই বিশেষজ্ঞরা বলছেন, শেষ মুহূর্তে সবাইকে অবাক করা কোনো সিদ্ধান্তও আসতে পারে।