চট্টগ্রামে অন্ধকারাচ্ছন্ন সড়কে গতরোধ নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে নগরের আউটার রিং রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ীর আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনির বাসিন্দা মোহাম্মদ সোহান (২৭)। অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ করেছিলেন।
হালিশহর থানার এসআই মোশারফ হোসেন জানান, পণ্যবাহী একটি কাভার্ডভ্যান টোল রোডে ইঞ্জিন বিকল অবস্থায় প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে পতেঙ্গা থেকে ফৌজদারহাটের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল সেই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তাটি অন্ধকারাচ্ছন্ন এবং অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করছে। এ কারণে দুর্ঘটনা ঘটছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
এই অংশের রাস্তায় দীর্ঘদিন ধরে আলো না থাকার কারণে রাতে চলাচলকারীদের জন্য তা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
