
শেরপুরের সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ফাঁদ ব্যবহার করে বক শিকারের অভিযোগে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন উকিল মিয়া (১৯), মৃত সাহিদুল হকের ছেলে।
শেরপুর প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জার মো. আল-আমিন জানান, উকিল মিয়া কয়েকদিন ধরে বাঁশ কেটে তৈরি করা ফাঁদে দেশীয় বক শিকার করছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি মৃত বক এবং শিকারের ফাঁদ জব্দ করা হয়। শিকারি উকিল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে স্থানীয় জনগণের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং সচেতনতা বাড়াতে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।