
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপসচিব হুমায়ুন কবীর স্বাক্ষর করেন।
এর একদিন আগে, গতকাল বুধবার বেলাল হোসাইন চৌধুরীকে এনবিআর সদস্য পদ থেকে সরিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (মূসক) আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে বদলি করা হয়েছিল। তিনি এক বছরেরও বেশি সময় ধরে এনবিআরে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, তিনি সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার তথ্য দিলেও বাস্তবে তাঁর নামে পাওয়া গেছে ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ। অর্থাৎ ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদ তিনি গোপন করেছেন বলে প্রমাণ মেলে।
প্রতিবেদন অনুযায়ী, দায়দেনা বাদে তাঁর নিট সম্পদ ৭ কোটি ৫২ লাখ টাকা। পারিবারিক ব্যয়সহ মোট সম্পদ দাঁড়ায় ১৬ কোটি ৫০ লাখ টাকার বেশি, যেখানে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে প্রায় ১১ কোটি ৫৩ লাখ টাকা।
দুদকের দাবি, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বেলাল হোসাইন চৌধুরী ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিশেষ করে তিনি বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ও শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বকালীন সময়ে এসব অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।