
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছেলে মায়ের লাশ দাফন করতে দেননি প্রায় ২০ ঘণ্টা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতার ভিত্তিতে দাফন সম্পন্ন হয়।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে। এর আগে বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে মারা যান আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্লাহর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাই নজিব উল্লাহ ও সাইফুল উল্লাহর মধ্যে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি।
মায়ের মৃত্যু পর লাশ দাফনের জন্য বাড়িতে আনা হলে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে তর্কাতর্কি শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তিনি দুই পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত করেন।
পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে আমেনা বেগমকে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, প্রাথমিক সমঝোতার মাধ্যমে মায়ের দাফন সম্পন্ন হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে বৈঠক হবে। সমঝোতা না হলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।