
গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। এতে যুক্তরাষ্ট্র ছাড়াও মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা যুক্ত থাকবেন।
এর আগে মিসরের পর্যটন নগরী শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময়েও সম্মত হয় দুই পক্ষ।
যুদ্ধবিরতির খবরে আনন্দ-উল্লাস করছে গাজার সাধারণ মানুষ। ইসরায়েলেও উদ্যাপন চলছে, কারণ এ সময় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সময়ে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।