
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুর চর বাজারে বিদ্যুৎ সংযোগ না থাকা সত্ত্বেও এক ব্যবসায়ীর হাতে কয়েক হাজার টাকার বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
মনিহাড়ি দোকান ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, জুন মাসে বকেয়া বিলের কারণে তাঁর দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লি বিদ্যুৎ অফিসের মাঠকর্মীরা। এরপরও তিনি জুলাই ও আগস্ট মাসে ৫০০ টাকা পরিশোধ করেন। কিন্তু সেপ্টেম্বরে হঠাৎ করে ৬০ ইউনিট ব্যবহারের অভিযোগ দেখিয়ে তাঁর নামে ৩ হাজার ৫০০ টাকার বিল দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে বিদ্যুৎ সংযোগ নেই, তবুও কাল্পনিক বিল তৈরি করে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি রাতে মোমবাতি জ্বালিয়ে দোকান চালাই।”
স্থানীয় বাসিন্দা ও আরেক দোকান-মালিক মো. জাকির হোসেনও অভিযোগ করেন, নতুন সংযোগের জন্য আবেদন করার পরও বিদ্যুৎ অফিসের লোকজন তাঁকে হয়রানি করছে।
এলাকার বিদ্যুৎ বিল বিতরণকারী স্বীকার করেন, সাইফুল ইসলামের দোকানে সংযোগ নেই, তবে অফিস থেকে পাঠানো বিলই তিনি পৌঁছে দিয়েছেন। মিটার রিডারদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিদ্যুৎ বিভাগের অভ্যন্তরীণ কিছু কর্মী।
রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। যদি হয়ে থাকে, দোকান-মালিক অভিযোগ করলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”