
ফুটবল কতটা নির্মম—লিওনেল মেসি তা জানেন খুব ভালোভাবেই। তবে এবার তিনি সেই নির্মমতা দেখলেন মাঠে নয়, গ্যালারিতে বসে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এমনই দৃশ্য দেখলেন তিনি।
মেসি ছিলেন দর্শকসারিতে, পাশে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো। ইন্টার মায়ামির হয়ে গত ২৭ দিনে টানা ৭ ম্যাচ খেলার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাঁকে পূর্ণ বিশ্রাম দিয়েছেন। তবুও তাঁর দল জয় তুলে নিয়েছে—জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে।
এই ম্যাচ ছিল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষে আর্জেন্টিনার প্রথম প্রস্তুতি ম্যাচ। স্কালোনি ম্যাচ থেকে বেশ কিছু হোমওয়ার্ক পেয়েছেন—বিশেষত রক্ষণ ও আক্রমণভাগের ফিনিশিং নিয়ে।
৩০ মিনিটে এক অদ্ভুত ঘটনাই যেন ম্যাচের রূপ বদলে দেয়। ভেনেজুয়েলার ফরোয়ার্ড আলেহান্দ্রো মারকুয়েস ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন, আর পরের আক্রমণেই গোল করে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজের পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান লো সেলসো।
তবে ১-০ তে জয় পেলেও সুযোগ নষ্টে ভুগেছে আর্জেন্টিনা। ১১টি শটের মধ্যে মাত্র একটি গোল—যা স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলাও বেশ কয়েকবার আর্জেন্টিনা ডিফেন্সে ত্রাস ছড়িয়েছে; তিও কুইনতেরো ও হুয়ান পাবলোর শট সামলাতে কষ্ট করতে হয়েছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে।
বিরতির পরও গোল মিসের মিছিল চলেছে। লাওতারো মার্তিনেজ, নিকো পাজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার—তিনজনেরই একাধিক শট ঠেকিয়ে দিয়েছেন ভেনেজুয়েলা গোলকিপার হোসে কন্ত্রেরাস।
ম্যাচের আগে প্রয়াত বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুশোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
চলতি মাসেই আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর। চোটের কারণে তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো সেই ম্যাচেও খেলতে পারবেন না।