google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: তিন সপ্তাহ শূন্য থাকার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ, দায়িত্ব পেলেন মো. এহছানুল হক
তিন সপ্তাহ শূন্য থাকার পর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক, যিনি এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ অক্টোবর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে গত ২১ সেপ্টেম্বর তাঁকে বদলি করে পাঠানো হয় পরিকল্পনা কমিশনে।
এর ফলে প্রায় তিন সপ্তাহ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল। এ সময় মাঠ প্রশাসনের বদলি, নিয়োগ ও পদোন্নতির কাজ স্থবির হয়ে পড়ে, এমনকি কিছু আর্থিক কার্যক্রমও আটকে যায়। এত দিন একজন অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করছিলেন।
১৯৮২ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. এহছানুল হক নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। তাঁকেও পূর্বে অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করেছিল।
সচিবালয়ে গুঞ্জন রয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি ঘিরে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছিল। দুটি রাজনৈতিক পক্ষের প্রভাববলয় থেকে নিজ নিজ পছন্দের কর্মকর্তাকে নিয়োগের প্রচেষ্টা চালানো হচ্ছিল বলে সূত্র জানিয়েছে। কারণ, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বদলি ও পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে এই মন্ত্রণালয় থেকেই।