মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। আজ সোমবার দুপুরে ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বেলা দেড়টার কিছু আগে ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। পরে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
প্রেস ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ওসমান বিন হাদির মস্তিষ্কে গুরুতর আঘাত থাকলেও কিডনি, হার্ট ও শ্বাসপ্রশ্বাস–সংক্রান্ত কার্যক্রম এখনো ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে মোটামুটি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। এসব অঙ্গের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই চিকিৎসকেরা মনে করছেন।
তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তেই উন্নত চিকিৎসার জন্য ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
সায়েদুর রহমান বলেন, ‘আমরা শুধু তাঁর জন্য দোয়া চাই। আল্লাহর রহমতে যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে হয়তো তিনি কিছুটা সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করে শরিফ ওসমান বিন হাদিকে গুরুতর আহত করা হয়। এরপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।