রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে আজ রোববার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো ভবনের দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের পুনরুত্থান রোধে কাজ করছেন।
বিমানবন্দরের সামনে সকাল থেকে কৌতূহলী মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, এখনো উদ্ধারকাজ চলছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর আবারও সচল হয়।
কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল, সেখানে মূলত আমদানি করা পণ্য রাখা হয়। আগুনের কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে বাংলাদেশ বিমান একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাদের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।