google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: পিআর-আন্দোলন-রাজনৈতিক-প্রতারণা:-নাহিদ-ইসলামের-অভিযোগ-জামায়াতের-বিরুদ্ধে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর কথিত ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়।
রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে নিতে পরিকল্পিতভাবে এই ‘পিআর আন্দোলন’ সামনে আনা হয়েছে।”
নাহিদ ইসলাম বলেন, সংবিধানের সুরক্ষা হিসেবেই আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি মৌলিক সংস্কারের অংশ ছিল। “আমরা বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তার সহযোগীরা সেটি ছিনিয়ে নিয়ে দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করেছে,” — যোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি, কোনো কার্যকর প্রস্তাব বা সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দেয়নি।
নাহিদ আরও বলেন, “ঐকমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে জামায়াতের আকস্মিক অনুমোদন কোনো সংস্কার আকাঙ্ক্ষা নয়; বরং এটি একটি কৌশলগত অনুপ্রবেশ ও রাজনৈতিক নাশকতা।”
তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ এখন এই “প্রতারণা” স্পষ্টভাবে বুঝে ফেলেছে এবং “সত্যের পক্ষে জেগে উঠেছে।”
নাহিদ ইসলাম বলেন, “আল্লাহ ও দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে না।”