google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যশোরের মনিরামপুরে চায়ের দোকানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম।
যশোরের মনিরামপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারে।
নিহতের নাম আশরাফুল ইসলাম (৪০)। তিনি মোবারকপুর গ্রামের আজাহার আলীর ছেলে এবং চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি সীমান্ত পরিবহন নামের একটি বাস কাউন্টারের স্টাফ হিসেবে কাজ করতেন।
আহত ব্যক্তির নাম তারেক গাজী (৩০)। তিনি একই গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে। তাঁকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ও তারেক দোকানে বসে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে আশরাফুলকে ছুরিকাঘাত করে। তাঁর বুকে একাধিক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তারেক গাজী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।