রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।
এর আগে, গত মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ আরও ৪৪ জনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের দিন আজ বৃহস্পতিবার নির্ধারিত ছিল। দিনটি ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে।
এ কর্মসূচি ঠেকাতে পুলিশ কয়েক দিন ধরে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।