আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় অবকাঠামো উন্নয়ন, আইনের শাসন, বিনিয়োগের নিরাপত্তা ও সামাজিক নীতি দেশের অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাহায্য করেছে।
আজ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাহবুবুর রহমান বলেন, সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও খালেদা জিয়ার কিছু উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তিনি ফুড ফর এডুকেশন, প্রাথমিক শিক্ষার বিস্তার ও মেয়েদের শিক্ষায় সহায়তার কার্যক্রম তুলে ধরেন, যা দরিদ্র পরিবার ও নারীদের জন্য নতুন আশার আলো সৃষ্টি করেছিল। তার কার্যক্রমের ফলে দেশের নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়কের মূল্যায়ন কেবল ক্ষমতায় থাকাকালীন সময়ের কাজ দিয়ে নয়; ক্ষমতার বাইরে থেকেও যে ধরনের সিদ্ধান্ত ও সংকট মোকাবিলা করেছেন, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মাহবুবুর রহমান খালেদা জিয়ার “বাংলাদেশ ছাড়া আমার কোনো ঘর নেই” কথাটি উদ্ধৃত করে বলেন, দেশের স্থিতিশীলতা ও মানুষের আস্থা বৃদ্ধি পেলে ব্যবসা, শিক্ষা ও তরুণ প্রজন্মের সুযোগও বৃদ্ধি পাবে।
শোকসভায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর খালেদা জিয়ার স্মরণে শোকবার্তা পাঠ করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। একে একে বক্তব্য দেন লেখক ফাহাম আবদুস সালাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, খালেদা জিয়ার চিকিৎসক এফ এম সিদ্দিকী, সাবেক বিশেষ সহকারী দেবাশীষ রায়, সম্পাদক মাহমুদুর রহমান, আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, অন্যান্য শিক্ষাবিদ ও গবেষক।
শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার ও দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।