রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রিপন সাহা (৩০) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার পবিত্র সাহার ছেলে। ঘটনার পর পুলিশ বিকেলে বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়ি মালিক আবুল হাসেম (সুজন) (৫৫) এবং চালক কামাল হোসেন (৪৩) আটক করে।
আটক আবুল হাসেম রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি। পেশায় তিনি প্রথম শ্রেণির ঠিকাদার।
ফিলিং স্টেশনের কর্মচারীদের বরাত দিয়ে জানা যায়, ভোররাতে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নিয়ে চলে যাওয়ার সময় রিপন সাহা বাধা দেন। এ সময় গাড়ি চালক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়, ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে চারটার দিকে গাড়ি পাম্পে আসে। গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন রিপন ও মালিক আবুল হাসেম। কয়েক মুহূর্ত অবস্থান করার পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। গাড়ি ছুটে যাওয়ার সময় রিপন দৌড় দেন এবং গাড়িতে চাপা পড়ে। পাম্পের অন্য শ্রমিক জাকির হোসেন পেছনে দৌড় দেন, পরে ঢাকা-খুলনা মহাসড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। লাশ রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবুল হাসেমকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল, পরে জামিনে ছাড়া হয়।
রাজবাড়ী সদর থানার পুলিশ জানায়, গাড়ি জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।