google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঢাকার সড়কে চলাচলরত বাস—শিগগিরই আসছে একক ব্যবস্থার অধীনে পরিচালনা। রুটশৃঙ্খলা মেনে চলবে রাজধানীর সব বাস, কমবে বিশৃঙ্খলা। নতুন ব্যবস্থায় স্বস্তির যাত্রা পাবেন ঢাকার লাখো যাত্রী।
রাজধানী ঢাকায় শিগগিরই সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে। মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, নতুন এই ব্যবস্থায় প্রতিটি বাস কোম্পানিকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। রুটশৃঙ্খলা নিশ্চিত হলে যানজট, ভাড়ায় প্রতারণা ও পরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা কমবে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহনব্যবস্থা হবে আরও কার্যকর।
প্রধান উপদেষ্টা বলেন, ঢাকার বাস দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলছে। ফলে প্রতিদিন যাত্রীরা যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।
তিনি আরও জানান, ঢাকার যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে বাস চলাচল। এতে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় এবং প্রতিদিন নষ্ট হয় ৩২ লাখ কর্মঘণ্টা।
পোস্টে উল্লেখ করা হয়, সব বাস একক ব্যবস্থার অধীনে আনা হলে যাত্রীদের আর বাসে উঠতে হাড়ভাঙা লড়াই করতে হবে না। ভাড়ায় প্রতারণার শিকারও হতে হবে না। রাজধানীর লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।