google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ইসরায়েলের-বাধা-সত্ত্বেও-গাজার-পথে-ত্রাণবাহী-‘গ্লোবাল-সুমুদ-ফ্লোটিলা
ইসরায়েলের নানা বাধা ও ধরপাকড়ের মাঝেও গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছে ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। জর্ডান থেকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ভূমধ্যসাগরে ১২৯ কিলোমিটার দূরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটির অন্তত ১৩টি নৌযানে বাধা দেয় এবং সেগুলোতে থাকা অধিকারকর্মীদের আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের ৩৭টি দেশের দুই শতাধিক মানুষ। তারা সবাই গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য এই অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামাস-সংশ্লিষ্ট’ অভিযোগে কিছু নৌযান থামানো হয়েছে এবং আটক ব্যক্তিরা নিরাপদ ও সুস্থ আছেন।
আল-জাজিরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে আটক ব্যক্তিদের ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছানো হতে পারে, যা গাজা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। তবে তারা সবাই একসঙ্গে নয়, পর্যায়ক্রমে বন্দরে পৌঁছাবেন, তাই পুরো দিন লেগে যেতে পারে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে জানান, ইসরায়েলি বাধা সত্ত্বেও গাজার উদ্দেশ্যে বহরটি এগিয়ে যাচ্ছে। প্রায় ৪০টির বেশি বেসামরিক নৌযান নিয়ে গঠিত এই নৌবহরে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ৪৪টি দেশের ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা।
এই আন্তর্জাতিক উদ্যোগটি অবরুদ্ধ গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে চায়, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ একে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে থামাতে চাইছে।