ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জনের শেষ নেই। তবে তিনি খুব একটা গায়ে মাখেন না এসব। এবার মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–তে এসে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করেছেন।
অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান জানতে চান, গায়ক শেখ সাদী কি তাঁর প্রেমিক? জবাবে পরীমনি হেসে বলেন, “ও আমার ছোট ভাইয়ের মতো।” আবার তিনি বলেন, নিজেকে সিঙ্গেল বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ তাঁর সারাক্ষণই ‘প্রেম প্রেম ফিল’ হয়, আর সেটি থাকা ভালো বলেও মত দেন।
কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নে পরীমনি বলেন, একবার। সঞ্চালক যখন শরীফুল রাজের প্রসঙ্গ তোলেন, তখন তিনি মজার ছলে বলেন, “জানি না, ওরা মনে হয় সৎস্বামী, যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।” তবে রাজের সঙ্গে বিয়ে ভুল ছিল না উল্লেখ করে তিনি বলেন, জীবনে কোনো কিছুই তাঁর কাছে ভুল নয়, সবই অভিজ্ঞতা।
অভিনয়ে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি। এ নিয়ে গুঞ্জন থাকলেও এবার তিনি নিশ্চিত করেছেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।” ইসমাইলের মৃত্যুর পরও এ প্রসঙ্গ আলোচনায় উঠে আসে।
একই সঙ্গে ছোটবেলার ইচ্ছের কথাও জানান তিনি। মজা করে একসময় বলতেন, এক ডজন বিয়ে করবেন। তাঁর মতে, সেই কথাটিই এখন গুঞ্জন হয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
এ ছাড়া চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে গুঞ্জনের প্রসঙ্গ উঠলে পরীমনি বলেন, “আমি জানি না। তবে বিশ্বাস করেন, এই একটামাত্র মানুষের সঙ্গেই আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ নেই, আর সারাক্ষণ যে ফোনে কথা হয়, তা-ও না।”