নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদের সামনে ১৮ অক্টোবর যুবদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘এটা ফিলিস্তিন নয়, নোয়াখালী মসজিদে সংঘর্ষের ছবি’।
ছবিগুলোতে মসজিদের ভেতরে ভাঙচুর, ভেঙে পড়া আসবাব এবং দেয়ালে ক্ষতির চিহ্ন দেখা যায়। অনেকেই এগুলোকে সাম্প্রতিক নোয়াখালী সংঘর্ষের সঙ্গে যুক্ত করে প্রচার করছেন। তবে রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, এগুলোর মধ্যে কোনোটি নোয়াখালীর ঘটনার নয়।
পুরোনো ছবিগুলোর উৎস:
-
প্রথম ছবি: ২০২১ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার পর তোলা। (জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে)
-
দ্বিতীয় ছবি: ২০২০ সালের ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদের গ্যাস বিস্ফোরণের দৃশ্য। (দ্য ডেইলি স্টার)
-
তৃতীয় ছবি: নারায়ণগঞ্জের একই ঘটনার আরও একটি ছবি। (দৈনিক যুগান্তর, ২০২০)
-
চতুর্থ ছবি: নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের পর ভেতরের দৃশ্য। (দৈনিক ইত্তেফাক, ২০২০)
নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে সংঘর্ষের সময় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো চারটি ছবির সঙ্গে মিল পাওয়া যায়নি। সুতরাং এগুলো নোয়াখালীর নয়, পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।