google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান জানান, ঝালকাঠি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
গত সোমবার দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতেই লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঘটনার চার দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন আয়েশা। এ সময়ে তিনি সব দিনই বোরকা বা মুখ ঢেকে বাসায় আসা–যাওয়া করতেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন তিনি বোরকা পরে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন নিহত নাফিসার স্কুলড্রেস পরে।