জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের আতঙ্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক, সড়কেও আতঙ্ক নেই, যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ কিছুটা সংবেদনশীল এলাকা হলেও সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি। কোথাও কোথাও গাছ কেটে সড়ক অবরোধ বা ককটেল বিস্ফোরণের মতো ছোটখাটো ঘটনা ঘটছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো নিয়ন্ত্রণে আনছে।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভকারীদের তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য পুনরায় চিঠি দেওয়া হবে কি না—এ বিষয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে আবার চিঠি দেওয়া হবে।
এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীও জানান, বিপদের মুহূর্তে আত্মরক্ষার জন্য গুলি চালানোর অধিকার নাগরিকদের রয়েছে।