google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সাবেক-এমপির-বিরুদ্ধে-নাটোর-জেলারকে-সপরিবারে-প্রাণনাশের-হুমকির-অভিযোগ
নাটোর জেলার কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জেলার শেখ মো. রাসেল জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে হুমকিদাতা নিজেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। এছাড়া তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েলকে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে উল্লেখ করে, জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। নাহলে সমস্যা হবে বলে হুমকি দেন।
পরের রাতে সরকারি ফোনে আরও একটি হুমকিমূলক বার্তা আসে, যেখানে লেখা ছিল, ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’ ঘটনার পর থেকে জেলা ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।