google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের
ad728

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে আগামী চার বছরের জন্য ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুজনকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তবে বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেছেন, সভাপতি নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বেচ্ছাচারী আচরণ করেছেন। তিনি দাবি করেন, কাউন্সিলরদের ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ভোটে প্রভাব বিস্তার করা হয়েছে।

মঙ্গলবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তভলিবল টুর্নামেন্টের উদ্বোধনীতে আমিনুল বলেন, “বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ। ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন, তাঁদের ওপর ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে।”

এর আগে বিসিবি নির্বাচনকে “ফিক্সড” আখ্যা দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁরাও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন।

এ প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নিয়ে সভাপতির দেওয়া বিতর্কিত চিঠির বৈধতা নিয়ে আদালতে মামলা চলছে। হাইকোর্ট প্রাথমিকভাবে চিঠিটিকে বৈধ বললেও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে তা অবৈধ প্রমাণিত হলে পুরো নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

এ সময় তিনি বিসিবি নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন। তাঁর ভাষায়, “আমার কাছে তথ্য আছে, এই নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে। আর্থিক প্রভাবের মাধ্যমে পরিচালকদের নির্বাচিত হওয়া অত্যন্ত দুঃখজনক। এতে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।”

আমিনুল হক মনে করেন, প্রশ্নবিদ্ধ এই নির্বাচন দেশের ক্রীড়াপ্রেমী ও সংগঠকদের কাছে গ্রহণযোগ্য হবে না।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ