ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’ মুক্তির তিন সপ্তাহ পার হলেও বক্স অফিসে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ২৪তম দিনে সিনেমার আয় দাঁড়িয়েছে ৫৭৮.০১ কোটি রুপি। খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৬১.৮৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় কমলেও সপ্তাহান্তে দর্শক সংখ্যা ফের বাড়ে। চতুর্থ দিনে আয় ৬৩ কোটি রুপির কাছাকাছি ছিল। প্রথম সপ্তাহে ভারতেই মোট আয় হয়েছিল ৩৩৭.৪ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে ১৪৭.৮৫ কোটি রুপি এবং তৃতীয় সপ্তাহে ৭৮.৮৫ কোটি রুপি আয় হয়।
২৪ দিনে সব ভাষা মিলিয়ে ভারতের বক্স অফিসে সিনেমার আয় ৫৭৮.০১ কোটি রুপি, যার মধ্যে কন্নড় বাজার থেকে ১৮১ কোটি এবং হিন্দি বাজার থেকে ১৯২ কোটি রুপি এসেছে।
‘কানতারা: চ্যাপটার ১’ মূলত জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ শেঠি পরিচালনা ও অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন।