google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ভারত সফরে অসুস্থ অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার, হাসপাতালে ছিলেন থরন্টন
ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অসুস্থদের মধ্যে রয়েছেন দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসও।
সবচেয়ে বেশি ভুগেছেন পেসার হেনরি থরন্টন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করতে হয়। অন্য তিন ক্রিকেটার নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র পান।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, থরন্টনকে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছে। ইন্ডিয়া টুডে’র তথ্যমতে, হোটেলের খাবার থেকে সংক্রমণ হতে পারে। তবে হাসপাতাল বা টিম ম্যানেজমেন্ট কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
দলের স্থানীয় ম্যানেজার জানান, প্রথমে চারজনকেই হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনজন সুস্থ হয়ে হোটেলে ফিরে যান, তবে থরন্টনকে গুরুতর সংক্রমণের কারণে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও মাঠে ফেরার সময় এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়া দলের খাদ্যতালিকা বদলে দেওয়া হয়েছে। খেলোয়াড়দের স্থানীয় খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে খাদ্য অধিদপ্তর হোটেলের রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে, তবে কোনো দূষণ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষও খাবারকে দায়ী না করে আবহাওয়ার পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, “হোটেলটি কানপুরের সেরা হোটেলগুলোর একটি। যদি খাবারের কারণেই অসুস্থতা হতো, তবে সব খেলোয়াড় আক্রান্ত হতো। বিষয়টি আরও খতিয়ে দেখা দরকার।”
চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। আজ অনুষ্ঠিতব্য শেষ ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফর শেষ হবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল ভারত ‘এ’।