বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার প্রায় পাঁচ মাস পর সিদ্ধান্ত পরিবর্তন করে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নাজমুল ২০২৫–২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। তাঁর অধীনে এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে, যার মধ্যে জিতেছে ৪টি, ড্র করেছে ১টি ও হেরেছে ৯টি ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ওদের মাঠে দুটি টেস্ট জয়ও এসেছে শান্তর অধিনায়কত্বে।
গত বছর তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দহীনতায় ভুগে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন। এরপর জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল।
পরে বিসিবির এক পরিচালক তাঁকে ফের রাজি করানোর পর শান্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পারাটা আমার জন্য সত্যিকারের গর্বের বিষয়। বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, এবং আমি আমার সর্বোচ্চটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলেন, “শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়ার পরিচয় দিয়েছে। তার নেতৃত্বে দল আরও পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ড বিশ্বাস করে, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেতৃত্বের এই ধারাবাহিকতা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।”