google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: স্ত্রীর ধর্মান্তর প্রসঙ্গে বিতর্কে জেডি ভ্যান্স, ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
স্ত্রী উষা ভ্যান্স খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সমালোচনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
ভ্যান্স জানিয়েছেন, তাঁর মন্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কোন প্রেক্ষাপটে তিনি ওই কথা বলেছেন, সেটি দেখানো হয়নি।
গত বুধবার মিসিসিপি অঙ্গরাজ্যে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক তরুণদের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, তিনি আশা করেন তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
এই বক্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করেন, ভ্যান্স তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনে চাপ দিচ্ছেন।
পরে এক্সে দেওয়া পোস্টে জেডি ভ্যান্স বলেন, তিনি একটি আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এবং প্রশ্নটি এড়িয়ে যেতে চাননি। তিনি বলেন, “আমি একজন পাবলিক ফিগার, মানুষ আমার জীবন নিয়ে জানতে চায়। তাই সৎভাবে উত্তর দিয়েছি।”
ভ্যান্স আরও জানান, তাঁর ধর্মবিশ্বাস জীবন ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, আর এর পেছনে স্ত্রী উষার অবদানই সবচেয়ে বেশি। তিনি বলেন, “আমার স্ত্রীই বহু বছর আগে আমাকে ধর্মের সঙ্গে পুনঃসংযোগ স্থাপনে উৎসাহ দিয়েছিলেন।”
তবে ভ্যান্স স্পষ্ট করে বলেন, “উষা খ্রিষ্টান নন, এবং ধর্ম পরিবর্তনের কোনো পরিকল্পনাও তাঁর নেই। কিন্তু যেকোনো আন্তধর্মীয় দম্পতির মতো আমিও আশা করি, একদিন তিনি আমার মতো করে বিষয়গুলো দেখবেন। তারপরও আমি তাঁকে ভালোবাসব ও সমর্থন দেব, কারণ তিনি আমার স্ত্রী।”
সমালোচকদের উদ্দেশে জেডি ভ্যান্স লেখেন, “এ ধরনের প্রতিক্রিয়া খ্রিষ্টধর্মবিরোধী মনোভাব প্রকাশ করে। খ্রিষ্টানদের বিশ্বাসই হলো, আমরা আমাদের বিশ্বাসকে অন্যদের সঙ্গে ভাগ করে নিই—এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়।”
ভ্যান্স ও উষা ইয়েল ল স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন এবং ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উষার বিয়ের আগের নাম ছিল উষা চুলুকুরি। বর্তমানে তাঁদের তিন সন্তান রয়েছে, যারা খ্রিষ্টান শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
ভ্যান্স ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। তিনি বলেন, উষার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি নিজেকে সংশয়বাদী বা নাস্তিক ভাবতেন, কিন্তু পরে বিশ্বাসে ফিরে আসেন।