রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে দুটি এক্সকাভেটর নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে অগ্রসর হতে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে নিউমার্কেট থেকে মিরপুরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে ধানমন্ডি ৩২-এর সামনের মিরপুর রোডে দুটি এক্সকাভেটর দেখা যায়। বিক্ষোভকারীরা এগুলো নিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের একজন সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একাধিক বিস্ফোরণের শব্দে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বেলা পৌনে ২টার দিকে তাঁরা দুই ভাগে ভাগ হয়ে আবার জড়ো হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ পুনরায় তাঁদের সরিয়ে দেয়।
ঘটনাস্থলে শতাধিক সেনাসদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ডিএমপির ধানমন্ডি অঞ্চলের কর্মকর্তারা জানান, কেউ যেন আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে তারা।
এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়। জুলাই গণ–অভ্যুত্থানের পর ৫ আগস্ট বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
আজই জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হচ্ছে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।