অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বে থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (৬২)। আজ শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনকে (৪৬) বিয়ে করে নজির গড়লেন তিনি। দেশটির গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঘনিষ্ঠ আয়োজনে সাজানো বিয়ের অনুষ্ঠান। কঠোর গোপনীয়তার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
অনুষ্ঠানে গান, আবেগ এবং চমক—সবকিছুর মিল ছিল। বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’–এর সুরে বাবা–মায়ের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন জডি হেইডন। নবদম্পতির পোষা কুকুর ‘টোটো’ বিয়ের আংটি বহন করে এনে সবার নজর কাড়ে। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই’ম ইয়োরস’–এর তালে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নবদম্পতি।
বিয়ের পর এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, ‘পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের ভালোবাসা ও ভবিষ্যতের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরাও। বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। আলবানিজের প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও অনুষ্ঠানে যোগ দেন।
২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। নতুন এই বিয়ের সব খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। আগামী সপ্তাহে কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়ার ভেতরেই একটি মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি।