ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুজন হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। বিকেলে তাঁকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং ঢাকা–৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।