কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় (স্কারবরো ক্যাম্পাস) সংলগ্ন এলাকায় ২০ বছর বয়সী ভারতীয় পিএইচডি শিক্ষার্থী শিবাঙ্ক অবস্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যার সময় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে ধরতে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। এই ঘটনা চলতি বছরে টরন্টোয় ৪১তম হত্যাকাণ্ড।
টরন্টো পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার বেলা ৩টা ৩৪ মিনিটে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুরুতর আহত এক ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে শিবাঙ্ককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং প্যারামেডিকরা ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তারা পৌঁছানোর আগেই সন্দেহভাজন হামলাকারী এলাকা ত্যাগ করেছে।
নিহত শিক্ষার্থীর মৃত্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে। টরন্টোয় ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, তারা নিহত ছাত্রের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরানোসহ আইনি সহায়তা নিশ্চিত করছে।
শিবাঙ্ক অবস্তির হত্যার মাত্র এক সপ্তাহ আগে টরন্টোয় হিমাংশি খুরানা (৩০) নামে এক ভারতীয় নারীকে খুন করা হয়। ওই ঘটনায় ৩২ বছর বয়সী আবদুল গাফুরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ জানায়, হিমাংশি ও আবদুল পূর্বপরিচিত ছিলেন এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল।
পরপর দুই ভারতীয় নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় কানাডায় বসবাসরত প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টরন্টো পুলিশ ও ভারতীয় কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনা দুটির তদন্ত চালিয়ে যাচ্ছে।