google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: জরিপে ৭০ শতাংশ ভোট বিএনপির পক্ষে, জামায়াতের সমর্থন ১৯ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে আগ্রহী—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ মানুষের।
বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।
জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এ প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানান, তাঁরা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ২ দশমিক ৬ শতাংশ ভোট, অন্য দলগুলোকে ভোট দিতে চান ৫ শতাংশ মানুষ। আর ভোট দেবেন না বলে জানিয়েছেন মাত্র ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।
জরিপে আরও জানতে চাওয়া হয়—কোন দল সরকার গঠন করবে। এ প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন, এনসিপি সরকার গঠন করবে।
‘আগামী নির্বাচনে কে জিতবে’—এমন প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হবে। এনসিপির পক্ষে মত দিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ, আর এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এ ছাড়া জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল। উত্তরে ৩৫ শতাংশ জানান, তাঁরা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন, তাঁরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। আর জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা জানান ৫ শতাংশের বেশি মানুষ।