জার্মানির একজন প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস ইতিহাস গড়লেন, বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ ভ্রমণ করে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মিকায়েলা বেন্টহাউসসহ আরও পাঁচ আরোহী ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে মহাকাশে যাত্রা করেন। তারা মহাকাশের কথিত সীমানা ‘কারমান লাইনের’ ঠিক ওপরে পৌঁছান।
মিকায়েলা সাত বছর আগে একটি বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখা চালিয়ে যান। স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ইন্টারনেটে একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেন। পরে এই প্রকৌশলী ব্লু অরিজিনের মাধ্যমে ১০ মিনিটের ঐতিহাসিক মহাকাশ অভিযানে তাকে সহায়তা করেন।
মহাকাশযান পৃথিবীতে ফিরে আসার পর ব্লু অরিজিনের ভিডিওতে মিকায়েলা বলেন, “এটি ছিল জীবনের সেরা অভিজ্ঞতা। চারপাশের দৃশ্য এবং ভেসে থাকার অনুভূতি আমি উপভোগ করেছি। প্রতিটি ধাপ ছিল অসাধারণ।”
মিকায়েলা বর্তমানে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)-তে কর্মরত। তিনি তাঁর হুইলচেয়ার ব্যবহার করে মহাকাশযানে প্রবেশ ও বিশেষ বেঞ্চ ব্যবহার করে ভেতরে গিয়েছিলেন। এই অভিযানে সহায়ক হিসেবে স্পেসএক্সের অবসরপ্রাপ্ত ম্যানেজার হ্যান্স কোনিগসম্যান পাশে বসেছিলেন।
ব্লু অরিজিন জানিয়েছে, মিকায়েলার ক্যাপসুলে প্রবেশ ও বের হওয়ার সুবিধার জন্য বিশেষ গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম যোগ করা হয়েছিল। নিউ শেপার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল জয়েস বলেন, “মিকায়েলার এ অভিযান প্রমাণ করে যে মহাকাশ সবার জন্য। তাঁর স্বপ্ন পূরণে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।”