পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেন ৬১ বছর বয়সী এই গায়ক। দ্রুত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, “বাবার শরীর আগের মতোই ছিল, অনুষ্ঠানও করেছেন অনেকগুলো। হঠাৎ অসুস্থ হওয়ায় আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছি, ফলে বড় সমস্যা হয়নি। এখন তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।”
নচিকেতা সম্প্রতি পরপর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন, যার ফলে শারীরিক চাপ পড়েছিল। এ কারণে আজ রোববার আসানসোলে তাঁর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনেরও সমস্ত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
শিল্পীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, যদিও নচিকেতার পূর্বে কোনো হৃদরোগের সমস্যা ছিল না, শারীরিক চাপ এবং অসুস্থতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।