google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: মিয়ানমারে বৌদ্ধ উৎসব ও বিক্ষোভে সেনাবাহিনীর বোমা হামলায় নিহত অন্তত ৪০
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় শত শত মানুষ উৎসবে অংশ নিতে সমবেত হয়েছিলেন। উৎসব চলাকালে জান্তা-বিরোধী স্লোগান উঠলে হঠাৎ আকাশ থেকে মোটরচালিত প্যারাগ্লাইডারের মাধ্যমে দুটি বোমা নিক্ষেপ করে সেনারা।
অনুষ্ঠান আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, হামলার আগে মানুষকে সতর্ক করা হলেও অনেকে সরে যেতে পারেননি। বিস্ফোরণে শিশুসহ বহু মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি বলেন, “মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা হাত-পা ও মাংসের টুকরা সংগ্রহ করেছি।”
স্থানীয় সংবাদমাধ্যমও অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।