জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় বর্জিস শাবনাম বর্ষাসহ তিনজন আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।
স্বীকারোক্তি দেওয়া অপর দুই আসামি হলেন মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লান। জবানবন্দি রেকর্ডের পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এক মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার পরিকল্পনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বর্ষার সঙ্গে জোবায়েদের প্রেমের সম্পর্ক থাকলেও বর্ষার পূর্ব প্রেমিক মাহিরের সঙ্গে সম্পর্ক ছিল। এই ত্রিভুজ প্রেমের জটিলতায় হত্যার পরিকল্পনা তৈরি হয়।
পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন জানান, হত্যাকাণ্ডের সময় জোবায়েদ বাঁচার জন্য সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠে বর্ষার কাছে সাহায্য চাইলেও তিনি সাহায্য করেননি। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি বর্ষাকে টিউশন পড়াতেন।