তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আজ বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে “রংপুরের সর্বস্তরের জনতা” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বক্তারা নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ও প্রকল্প পরিচালক নিয়োগের দাবি জানান। তাঁদের মতে, উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, “২০১৫ সাল থেকে তিস্তাপারের মানুষের দুর্দশা দূর করার দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিন্তু ভারতের বাধাসহ ভূরাজনৈতিক জটিলতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে না।”
জামায়াতে ইসলামীর রংপুর জেলা সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেন, “আমরা আর বিলম্ব দেখতে চাই না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই দাবি বাস্তবায়ন করতে হবে।”
এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির বলেন, “পরিবেশ উপদেষ্টা তিস্তাপারের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, মহাপরিকল্পনাকে বানচাল করার ষড়যন্ত্র চলছে।”
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, এবং রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মুদাব্বির মারুফ প্রমুখ।