নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের পর স্থানীয় সালিস ডাকা হয়। স্থানীয় যুবদলের এক নেতা সালিস ডাকার আয়োজন করেন। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও এতে অংশ নেন। কনের পরিবারের অভিযোগ, ওই সালিসে কনের বাবা, মা ও ভাইকে প্রকাশ্যে ১০ ঘা বেত্রাঘাত করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর। পরে জরিমানার টাকা পরিশোধ না করায় কনের ভগ্নিপতির অটোরিকশা আটক করা হয়। তবে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মধ্যস্থতায় অটোরিকশা ফেরত দেওয়া হয়।
কনের পরিবার জানায়, বিয়ের অনুষ্ঠানের আগের রাতে তারা সাউন্ড বক্সে গান বাজিয়েছিলেন। ওই রাতেই যুবদল নেতা আফছার উদ্দিন গান বাজানোর কারণ জানতে চেয়েছিলেন। এ নিয়ে কনের ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরের দিন রাতে কনের বাড়িতে বসানো সালিসে কনের পরিবারকে বেত্রাঘাত ও জরিমানা করা হয়।
যুবদল নেতা আফছার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল কনের ভাইকে গান বাজানোর বিষয়টি জানতে চেয়েছিলেন। পরবর্তীতে কনের পরিবারের লোকজন তাঁর ওপর হামলা চালায়। সালিসের কথা তিনি স্বীকার করেন, তবে বেত্রাঘাতের কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন।
স্থানীয় পল্লিচিকিৎসক ও কালেরপথের বাসিন্দা আলা উদ্দিন মাঝি সালিস পরিচালনার বিষয়টি স্বীকার করেন, তবে বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন, তবে পরিবার থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।