google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ফেনীতে রেলপথে গাছ ফেলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা এড়াল রেলওয়ে
ফেনীতে রাতের অন্ধকারে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে রেলওয়ের টহলদল গাছগুলো দেখতে পেয়ে দ্রুত সরিয়ে ফেলায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে রেল পুলিশ।
রেলওয়ে সূত্রে জানা যায়, নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা রোধে বুধবার রাতভর টহল দিচ্ছিল রেল পুলিশ ও রেল বিভাগের কর্মীরা। এসময় দুর্বৃত্তরা রেললাইন সংলগ্ন কয়েকটি গাছ কেটে রেলপথের ওপর ফেলে যায়। ভোরে টহলদল গাছের গুঁড়ি দেখতে পেয়ে তা দ্রুত সরিয়ে নেয়। সৌভাগ্যবশত ওই সময় কোনো ট্রেন চলাচল না করায় দুর্ঘটনা ঘটেনি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, “দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে গাছ কেটে রেললাইনের ওপর ফেলেছে, যা নাশকতার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মো. হারুন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
এর আগে ৮ নভেম্বর ফেনী পৌর এলাকার দক্ষিণ সহদেবপুরে রেললাইনের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা, যার ফলে তখন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছিল।
এদিকে বুধবার মধ্যরাতে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে শহরের বাজার এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে দাগনভূঞা ও নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে সাত যুবককে আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন মোমারিজপুরের মজিবুর রহমান (২০), শান্ত (১৯), রিয়াতি (২১), ইমন (১৯), কোম্পানীগঞ্জের জিহাদ (২১) ও দাগনভূঞার আরিফ (২৫)।
ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান জানান, আটক যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া, গতকাল রাতে ফেনী সদরে বাসে আগুন দেওয়ার ঘটনার তদন্ত চলছে এবং ফায়ার সার্ভিসের তথ্যের ভিত্তিতে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।