google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বান্দরবানে শিক্ষিকাকে লাঠি দিয়ে আঘাত ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার প্রতিনিধি, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক স্কুলশিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগে অংশৈপ্রু মারমা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের বিরতিতে বাড়ি ফেরার পথে এক নিরিবিলি পাহাড়ি এলাকায় ওই শিক্ষিকার পথরোধ করে অংশৈপ্রু মারমা। তিনি হঠাৎ লাঠি দিয়ে শিক্ষিকার মাথায় আঘাত করেন। এতে শিক্ষিকা মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ব্যক্তি কিল-ঘুষি মেরে তাঁর গলা চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা চালান।
শিক্ষিকার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অংশৈপ্রু তাঁর মুঠোফোন, টাকা, ব্যাংকের চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করেন।
পরদিন বুধবার রাতে শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ ও স্থানীয়রা সারা দিন অভিযান চালিয়ে সন্ধ্যায় সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির পাহাড়ি জঙ্গল থেকে অংশৈপ্রুকে গ্রেপ্তার করে।
নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি চালানো হয়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, অংশৈপ্রু মারমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।