অরবিন্দ শ্রীনিবাস—৩১ বছর বয়সী এক তরুণ এআই উদ্যোক্তা। এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তিনি এখন ভারতের সবচেয়ে কম বয়সী ধনকুবের। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ১৯০ কোটি রুপি।
তামিলনাড়ুর চেন্নাইয়ে ১৯৯৪ সালের ৭ জুন জন্ম নেওয়া অরবিন্দ ছোটবেলা থেকেই বিজ্ঞানে আগ্রহী ছিলেন। পড়াশোনা করেছেন আইআইটি মাদ্রাজে। সেখানে থাকাকালীন তিনি ‘রিইনফোর্সমেন্ট লার্নিং’ ও ‘অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং’-এর ওপর কোর্স পড়িয়েছেন।
পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান অরবিন্দ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ২০২১ সালে তিনি কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ সময় ২০২০–২১ সালের স্প্রিং সেমিস্টারে ‘ডিপ আনসুপারভাইজড লার্নিং’ পড়িয়েছিলেন তিনি।
অরবিন্দের কর্মজীবনও সমৃদ্ধ। কাজ করেছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই, ডিপমাইন্ড ও গুগলে। পরে ‘রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে আবার ওপেনএআইয়ে যুক্ত হয়ে গবেষণায় কাজ করেন।
২০২২ সালের আগস্টে, মাত্র ২৮ বছর বয়সে, অরবিন্দ সহ-প্রতিষ্ঠাতা ডেনিস ইয়ারাতাস ও অ্যান্ডি কোনউইনস্কিকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’। প্রতিষ্ঠানটি মূলত জিপিটি-৩–এর মতো মডেল ব্যবহার করে তৈরি করা চ্যাটভিত্তিক সার্চ ইঞ্জিন। এর লক্ষ্য হলো ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্য উত্তর প্রদান।
বর্তমানে পারপ্লেক্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ। সৃষ্টিশীল এআই খাতে তাঁর নেতৃত্ব ও প্রতিষ্ঠানটির সাফল্য তাঁকে প্রযুক্তি জগতে সুপরিচিত করেছে এবং ভারতের সবচেয়ে তরুণ ধনকুবের হিসেবে প্রতিষ্ঠিত করেছে।