google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সৌদি আরবে সব ভিসাধারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ
সৌদি আরবে অবস্থানরত যেকোনো ভিসাধারী এখন পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রমসহ সব ধরনের ভিসাধারীর জন্য এই সুবিধা কার্যকর হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বিশ্ব থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা যেন সহজে ও স্বস্তিতে ওমরাহ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সৌদি আরব সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের অভিজ্ঞতা আরও উন্নত করা হচ্ছে।
ওমরাহ পালনে আগ্রহীদের সুবিধার্থে সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ভ্রমণকারীরা সহজেই নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে পারবেন এবং ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে সময়সূচি নির্ধারণ ও প্রয়োজনীয় সেবাও ডিজিটালভাবে পাওয়া যাবে।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলনই এই উদ্যোগ। মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদতের সুযোগ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।